সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন নাহার রুনি হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর ‘অজ্ঞাত পরিচয়’ আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেছে রুনির পরিবার।
রুনির ছোট ভাই নওশের আলম রোমান রোববার বিকাল ৫টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন।
ওই থানার ওসি জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এজাহারে আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। আসামিদের সংখ্যাও নির্দিষ্ট করে বলা হয়নি।”
শুক্রবার গভীর রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি। সকালে তাদের একমাত্র ছেলে মেঘ (৫) বাবা-মায়ের রক্তাক্ত লাশ দেখে রুনির মাকে খবর দেয়।
প্রাথমিক তদন্তের পর র্যাবের গোয়েন্দারা জানিয়েছিলেন, ওই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং খুনিরা নিহতদের পরিচিত বলেই ধারণা করছেন তারা। এছাড়া লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক বলেছেন, আঘাতের ধরন দেখে তার মনে হয়েছে হত্যাকারীরা অপেশাদার।
শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘণ্টার মধ্যে খুনীদের গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ বা র্যাবের গোয়েন্দারা কাউকে গ্রেপ্তার করতে পরেনি।
(সূত্র-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

