পারিবারিক সূত্রে জানিয়েছে, সাগর সারোয়ার গতকাল রাত ১টা পর্যন্ত অফিস করেছেন। তিনি ২টার দিকে বাসায় ফেরেন। মেহেরুন রুনির সকালে অফিস থাকায় সন্ধ্যার পর থেকেই বাসায় ছিলেন।
মেহেরুন রুনী ও সাগর যে বাসায় থাকতেন ওই রুমের গ্রীল কাটা রয়েছে। সেখান দিয়ে কেউ প্রবেশ করতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিক অবস্থায় বাসার দাওয়ানকে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে জানিয়েছে, ওই বাসায় সাধারন প্রবেশ দরজা দিয়ে সে কাউকে প্রবেশ করতে দেখেনি। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে শেরেবাংলা নগর থানার পুলিশ, ডিবি পুলিশ ও সিআইডির সদস্যরা পৌঁছান। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমদ বেলা ১১টার দিকে ঘটনাস্থলে আসেন। জানতে চাওয়া হলে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করা হবে। কী কারণে তাঁদের খুন করা হয়েছে, তা নিয়ে তদন্ত প্রাথমিক পর্যায়ে আছে। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সাগর-রুনি দম্পতি যে বাড়িতে খুন হয়েছেন সেখানকার দুজন নিরাপত্তারক্ষীকে আটক করা হয়েছে। এদিকে সকালে এ হত্যাকান্ডের খবর মিডিয়ায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থলে মির্জা ফখরুল: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দম্পতির খুনের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে যান। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, মেহেরুন রুনি তাঁর এলাকার মেয়ে। তাঁদের উভয়ের বাড়িই পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুর এলাকায়। তিনি আবেগঘন কণ্ঠে বলেন, কী বলব! আমরা বারবার বলে আসছি, দেশ বধ্যভূমিতে পরিণত হয়েছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আবারও প্রমাণিত হলো দেশে আইনশৃঙ্খলা ও আইনের শাসন বলে কিছু নেই। তিনি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান। সূত্র-বিজয় নিউজ ২৪ ডটকম ।