বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০১২

প্রথমবারের মতো একই নাটকে কাজ করলেন দুই ফটোসুন্দরী অহনা ও সুজানা

বাঘা নিউজ ডটকম, বিনোদন ডেস্ক :: প্রথমবারের মতো একই নাটকে কাজ করলেন দুই ফটোসুন্দরী অহনা ও সুজানা। দুজনেই নাটক ও মডেলিং নিয়ে নিজ নিজ ক্ষেত্রে পরিচিত। বেশ কয়েক বছর থেকে মিডিয়ায় কাজ করলেও তাঁদের দুজনের একসঙ্গে কখনোই অভিনয় করা হয়নি। এবারই প্রথম তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। ‘একপলকে’ নামের এক ঘণ্টার একটি নাটকে তাঁদেরকে একসঙ্গে দেখা যাবে। আর তাঁদের সঙ্গে আরও আছেন এ প্রজন্মের আরেক অভিনয়শিল্পী নিশো। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেনাটকটির শুটিং শুরু হবে। ২০০৪ সালের লাক্স-আনন্দধারা মিস ফটোজেনিক প্রতিযোগিতার চতুর্থ স্থান অর্জন করেছিলেন সুজানা। তবে মিডিয়ায় তাঁর কাজের শুরু ২০০১ সাল থেকে। আর অহনা ২০০৬ সালে পাক্ষিক পত্রিকা বিনোদন বিচিত্রার ফটোসুন্দরী প্রতিযোগিতায় শীর্ষ পাঁচে ছিলেন।
নাটকের গল্পে দেখা যাবে রিদম (নিশো) ও শ্রাবণী অহনা ভালোবেসেই ঘর বাঁধে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তাঁদের পরিচয়। চার বছরের সংসার জীবনে তাঁদের সুখের কোনো অভাব নেই। শ্রাবণী সংসারের কাজ নিয়ে সারা দিন ব্যস্ত সময় কাটায়। আর রিদম একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করেন। একদিন বিকেল বেলা রিদমের অফিসে সিমি সুজানা নামের একটি মেয়ে দেখা করতে আসে। কোনো দিন না দেখলেও হূদয়ের মধ্যে একটা টান অনুভব করতে থাকে রিদম। এভাবেই এগিয়ে যায় একপলকে নাটকের কাহিনি।
সুজানা বলেন, ‘আমি এমনিতেই খুব একটা নাটকের কাজ করি না। গল্পটি পড়ার পর ভালো লেগেছে। তা ছাড়া নাটকে আমার অভিনয়েরও একটা সুযোগ আছে বলে মনে হয়েছে। তাই কাজটি করতে রাজি হয়েছি।’
আর অহনা বলেন, ‘নাটকের গল্পটা ফিকশনধর্মী। এখানে আমাদের সবার চরিত্রগুলো সত্যিই সুন্দর। এর আগে আমরা একসাথে অভিনয় করিনি। একসাথে অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে।’
একপলকে নাটকটি লিখেছেন অজেয় চৌধুরী। আর পরিচালনা করবেন জিয়াউদ্দিন আলম।
Ruby