মিজানুর রহমান বিপ্লব, চারঘাট প্রতিনিধি :: রাজশাহীর চারঘাটে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়ে রামেক ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে খবর পাওয়া গেছে। স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চারঘাট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। জানা গেছে, ২৯ জানুয়ারী উপজেলার মহননগর গ্রামের জনৈক নবম শ্রেণীর ছাত্রীকে বাড়ীতে একা পেয়ে একই গ্রামের কলিমুদ্দিনের ছেলে ফারুক হোসেন (১৮) ছাত্রীকে বাড়ী থেকে টেনে হেঁচড়ে ১০ গজ দুরে ফারুকের নিজ বাড়ীতে নিয়ে গিয়ে স্কুল ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। স্কুল ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন ফারুকের বাড়ীতে গিয়ে স্কুল ছাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সেই দিনেই রামেক হাসপাতালে ওসিসিতে ভর্তি করে। এদিকে বিষয়টি ইউপি সদস্য মীমাংসার কথা বলে কাল ক্ষেপন করেছে বলে অভিযোগ করেছে মেয়ের মা। স্কুল ছাত্রীর মা আয়রা বেগম জানান, স্থানীয় একটি প্রভাবশালী মহল ধর্ষক ফারুকের পরিবারের সাথে যোগসাজসে বিষয়টি ভিন্নখাতে নিয়ে যাওয়া ষড়যন্ত্র চালাচ্ছে এবং কোন মামলা মোকাদ্দমা করলে বিবাদীরা আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ মজিদ জানান, বিষয়টি নিষ্পত্তি করার জন্য একাধিকবার মীমাংসার চেষ্টা করেও বিষয়টি নিস্পত্তি করা যায়নি।
