skip to main |
skip to sidebar
মনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । নির্বাচনে প্রার্থীরা মুদ্রিত কোনো পোস্টার ও প্রতীক ব্যবহার না করেই সকাল ৯ টা থেকে আরম্ভ করে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন সম্পূর্ণ হয় । উক্ত নির্বাচনে নির্বাচিত স্টুডেন্টস কাউন্সিলের মেয়াদ হচ্ছে এক বছর। সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঁচটি বিশেষ উদ্দেশ্য সামনে রেখে গত ২০১০ সাল থেকে প্রতি বছর স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর উদ্দেশ্য হলো- বিদ্যালয়ে ১০০ ভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করা, শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বিদ্যালয়ের শিখন শেখানো কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করাসহ অন্যান্য। এ বছর সর্বাধিক সংখ্যক স্কুলে এ নির্বাচন হচ্ছে।
স্টুডেন্টস কাউন্সিলের নির্বাচনে ভোটার হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা। তারা তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণী থেকে প্রতি শ্রেণীতে কমপক্ষে দুইজন করে মোট সাতজন প্রতিনিধি সরাসরি ভোটে নির্বাচন করবে। নির্বাচিত প্রতিনিধিরা স্টুডেন্টস কাউন্সিলের প্রথম সভায় কাউন্সিল প্রধান মনোনীত করবে এবং নিজেদের মধ্যে দায়িত্ব বণ্টন করে নেবে। এ ছাড়া প্রতি শ্রেণিকক্ষ বা শাখা থেকে (১ম-৫ম শ্রেণী) একজন ছাত্র ও একজন ছাত্রীকে সহযোগী প্রতিনিধি হিসেবে মনোনীত করা হবে।
ছাত্রছাত্রীদের সরাসরি ভোটে নির্বাচিত সাতজন প্রতিনিধিসহ মনোনীত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব হচ্ছে, পরিবেশ (বিদ্যালয়, আঙিনা ও টয়লেট পরিষ্কার ও বর্জ্য ব্যবস্থাপনা) পুস্তক ও শিখনসামগ্রী; ক্রীড়া ও সংস্কৃতি; পানিসম্পদ, অভ্যর্থনা ও আপ্যায়ন, বৃক্ষরোপণ ও বাগান তৈরি প্রভৃতি।
২০১০ সালে সারা দেশে ২০টি উপজেলার ১০০টি প্রাথমিক বিদ্যালয়ে সরাসরি নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টস কাউন্সিল গঠন করা হয়।