| নুরুজ্জামান, নিজস্ব প্রতিবেদক :: বাঘায় সংসদ সদস্যের বাড়ি উদ্বোধনের দাওয়াত খেতে গিয়ে লাশ হয়ে ঘরে ফিরলেন মসলেম উদ্দীন। তার বাড়ি উপজেলার আমোদপুর গ্রামে। গতকাল দুপুরে উপজেলার আড়ানী পৌর এলাকার জয়গুন নেছা প্রাথমিক বিদ্যালয় মাঠে খাওয়া-দাওয়ার অনুষ্ঠানে প্রবেশ করতে গিয়ে জনতার চাপে পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় একাধিক সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১১টায় উপজেলার আড়ানী পৌর এলাকায় স্থানীয় সাংসদ শাহরিয়ার আলমের নবনির্মিত দ্বিতীয় তলা বাড়িটির উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সেখানে দাওয়াত ছিল উপজেলার আমোদপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী মসলেম উদ্দীনসহ (৭৫) আরো অনেকের। প্রত্যক্ষদর্শী মোস্তাক ও আব্দুস সালাম জানান, এ অনুষ্ঠানে ১০ থেকে ১২ হাজার লোক উপস্থিত হন। মসলেম উদ্দীন জুমার নামাজের পর খাওয়ার উদ্দেশ্যে সেখানে প্রবেশ করতে গেলে জনতার চাপের মুখে মাটিতে পড়ে যান। এ সময় অনেকের পায়ের লাথিও খেতে হয় তাকে। এক পর্যায়ে স্থানীয় লোকজন তাকে মাটি থেকে উঠিয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। অনুষ্ঠানে মানুষের চাপে আহত হয় আরো ১০ জন। এরা হলেন, আকরাম হোসেন, আব্দুল মতিন, আন্টু, নবাব আলী, হৃদয় আক্তার হোসেন, আমান উল্লা, ফারুক হোসেন, শুকুর আলী ও আব্দুল কুদ্দস। এদের মধ্যে হৃদয়ের বয়স ৮ বছর। এ বিষয়ে সাংসদ শাহরিয়ার আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মসলেম উদ্দীনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলেন, ‘মসলেম উদ্দীন আওযামী লীগের একজন বলিষ্ঠ কর্মী ছিলেন। আমরা তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত।’ তবে তিনি দাবি করেন, অনুষ্ঠানে এসে হঠাৎ স্ট্রোক করে মসলেম উদ্দীনের মৃত্যু হয়েছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহম্মেদ হাশমীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সেখানে পর্যাপ্ত পুলিশ ছিলো। কিন্তু মানুষের চাপাচাপিতে এ ধরনের ঘটনা ঘটেছে।’ |
